ই-বাংলাদেশ ডেস্ক
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহ দিতে নতুন প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
মঙ্গলবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-রিটার্ন সিস্টেম চালু রাখা হয়েছে। করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং কর পরিশোধ করতে পারবেন।
ই-রিটার্নের জনপ্রিয়তা বাড়ছে
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এর ব্যবহার ধারাবাহিকভাবে বেড়েছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
সংস্থাটি বলছে, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা কর অফিসে না গিয়েই দ্রুত ও ঝামেলামুক্তভাবে রিটার্ন জমা দিতে পারছেন।
কারা অনলাইনে রিটার্ন দেবেন
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
তবে কিছু ক্ষেত্রে কাগজে (পেপার) রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছেন—
- ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
- শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদসহ)
- বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
- মৃত করদাতার আইনগত প্রতিনিধি
- বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
এছাড়া, প্রযুক্তিগত বা নিবন্ধনজনিত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হলে সংশ্লিষ্ট কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়া যাবে।
ঘরে বসেই কর পরিশোধের সুবিধা
এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্ম ব্যবহার করে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে কর পরিশোধ করতে পারবেন।
রিটার্ন সঠিকভাবে দাখিলের পর তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্ন গ্রহণের স্বীকৃতিপত্র ও আয়কর সনদ ডাউনলোড করার সুবিধাও থাকবে।
সময়মতো রিটার্নে মিলবে কর ছাড়
২০২৬-২৭ করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে প্রচলিত বিধান অনুযায়ী অতিরিক্ত কর ও জরিমানা প্রযোজ্য হতে পারে।
সহায়তা পেতে যা করবেন
ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) অথবা অন্যান্য ইলেকট্রনিক সেবার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
এনবিআর সব করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করে ডিজিটাল করসেবার সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে।
পাঠকের মন্তব্য