![]()
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এরপর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীও বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন। স্থানীয় রাজনৈতিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আগের দিন তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। তদন্তে মোজাফফর হোসেনকে হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশগ্রহণকারী হিসেবে অভিযুক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান।
হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে বিচার শেষে ১৩ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে ভারতে আত্মগোপন করেন। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে চলাফেরা করতেন বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের অনুসন্ধানের পর অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মন্তব্য