![]()
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন ২৬ কার্যদিবসের কার্যক্রম শেষে বুধবার (১৫ জুলাই) সমাপ্ত হয়েছে। গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে এবং বাজেটের ওপর টানা ১৪ কার্যদিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নিয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির আওতায় মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি নোটিশ গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধির অধীনে দুই মিনিটের ১২৫টি নোটিশ আলোচনায় আসে।
কার্যপ্রণালী-বিধির ১৩১ বিধি অনুযায়ী উত্থাপিত চারটি সিদ্ধান্ত প্রস্তাবও অধিবেশনে আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উদ্দেশে মোট ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।
অধিবেশন চলাকালে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংসদের কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
দ্বিতীয় অধিবেশন সমাপ্তির মাধ্যমে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনের কার্যক্রম শেষ হলেও, সংসদে গৃহীত আইন, বাজেট এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হবে।
পাঠকের মন্তব্য