![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দলের উপস্থিতিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বর্তমান সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফা এখন দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার ও আধুনিক করে গড়ে তোলা এবং জননিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
তিনি বলেন, সংসদের সব সদস্য এবং দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে বৈষম্যহীন, উগ্রবাদমুক্ত, দুর্নীতিমুক্ত এবং প্রকৃত গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার সব রাজনৈতিক শক্তি এবং জনগণের সহযোগিতা কামনা করে।
পাঠকের মন্তব্য