![]()
যুক্তরাজ্য সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপের ফলে তেহরান ও লন্ডনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে আইআরজিসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনি কাঠামোয় এটি সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সঙ্গে পুরোপুরি অভিন্ন না হলেও কার্যত একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
একই ঘোষণায় ‘ইসলামিক মুভমেন্ট অব দ্য কমপেনিয়নস অব দ্য রাইট’ (আইএমসিআর) এবং রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পসকেও নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, আইএমসিআর যুক্তরাজ্যে ইহুদি লক্ষ্যবস্তুতে একাধিক হামলার সঙ্গে জড়িত। অন্যদিকে রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পসকে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সব ধরনের প্রমাণ পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, সংশ্লিষ্ট সংগঠনগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে পরিচালিত হুমকি এবং বিদেশি শক্তি-সংশ্লিষ্ট শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাই দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এসব সংগঠনকে নিষিদ্ধ করা প্রয়োজন।
ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাজ্যে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা হুমকির ঘটনাও ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে ‘ইরান ইন্টারন্যাশনাল’ টেলিভিশনের দুই সাংবাদিককে হত্যার কথিত ষড়যন্ত্র এবং ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত সাইবার হামলার অভিযোগ।
এই পদক্ষেপের মাধ্যমে পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের অবস্থান থেকে সরে এসেছে বর্তমান সরকার। আগে আইআরজিসিকে নিষিদ্ধ না করার নীতি অনুসরণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্যে আইআরজিসিকে যেকোনো ধরনের সমর্থন প্রদান এখন গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সংকটময় করে তুলতে পারে। ব্রিটিশ কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, আইআরজিসিকে নিষিদ্ধ করা হলে প্রতিক্রিয়াস্বরূপ তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পারে ইরান।
পাঠকের মন্তব্য