![]()
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী কারাগারে যেতে হবে। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত হওয়ায় একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সরকারের বিবেচনা করার কোনো সুযোগ নেই।
বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, একজন আসামি কোথায় এবং কীভাবে আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে তিনি যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, বাংলাদেশে ফিরে এসে তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং প্রথমে কারাগারে যেতে হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার পর পরবর্তী সব পদক্ষেপ বাংলাদেশের আইন অনুযায়ী নির্ধারিত হবে।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি এটিকে রাজনৈতিকভাবে আত্মগোপনে থাকা বা দেশত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। তার ভাষায়, আত্মসমর্পণ না করে বিদেশে অবস্থান থেকে দেওয়া এসব বক্তব্যের অন্য কোনো তাৎপর্য তিনি দেখেন না।
তিনি পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনা কখন এবং কোথায় আত্মসমর্পণ করবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাকে দেশে ফিরিয়ে আনা এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রাখা সরকারের দায়িত্ব।
পাঠকের মন্তব্য