![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার আত্মসমর্পণসংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি দেশে এসে আত্মসমর্পণ করেন, তাহলে বিষয়টি সম্পূর্ণভাবে আইনের আওতায় পরিচালিত হবে। তিনি বলেন, “উনাকে জেলে যেতে হবে। সেভাবে আইন আইনের গতিতেই চলবে।”
তিনি আরও বলেন, বর্তমানে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার মতে, এসব বক্তব্যের মূল উদ্দেশ্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশের বাইরে, পলাতক কিংবা আত্মগোপনে রয়েছেন, তাদের উৎসাহিত ও সক্রিয় রাখা।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমার মনে হয়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পালিয়ে আছেন বা লুকিয়ে আছেন, তাদেরকে জাগ্রত ও উজ্জীবিত করার জন্যই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। এর বাইরে অন্য কোনো কারণ আমি দেখছি না।”
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) প্রক্রিয়া শুরু করেছে এবং বিষয়টি কূটনৈতিক নিয়ম ও আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের সঙ্গে আমাদের যে কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, যেকোনো ব্যক্তি যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারের এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হলো।
পাঠকের মন্তব্য