![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মন্ত্রীরাও এখন থেকে তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেবেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে একটি ব্যক্তিগত উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি মানা বা না মানা সম্পূর্ণ মন্ত্রীদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যাতে তা দরিদ্র মানুষের সহায়তা কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা যায়। সেই ধারাবাহিকতায় তিনিও বর্তমানে নিজের বেতনের ১০ শতাংশ নিয়মিত সরকারি কোষাগারে জমা দিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, তার মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা এবং এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে তিনি সরকারি হিসাবেই জমা দেন। বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর সেই অর্থ চেকের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
প্রধানমন্ত্রী একই সঙ্গে মন্ত্রীদেরও আহ্বান জানান, যাদের পক্ষে সম্ভব তারা যেন স্বেচ্ছায় প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ আহ্বানে উপস্থিত মন্ত্রীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। আমরা খুশি হয়েছি যে, তিনি এভাবে আমাদের কাছে বিষয়টি উপস্থাপন করেছেন।”
পাঠকের মন্তব্য