![]()
ই-বাংলাদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শনিবার (৪ জুলাই) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, দেশের জনগণ এবং তিনি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক মাইলফলকে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবমুখী ও দূরদর্শী নেতৃত্বে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপন শুধু দেশটির জন্যই নয়, বরং বিশ্বের মানুষের কাছেও স্বাধীনতা, গণতন্ত্র, ত্যাগ, মূল্যবোধ এবং ঐতিহ্যের অনুপ্রেরণার উৎস। ‘আমেরিকা ২৫০’ উদযাপন বিশ্বব্যাপী মার্কিন অবদানকে নতুনভাবে তুলে ধরছে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন কার্যক্রমে একটি মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে পাশে রয়েছে।
তিনি বলেন, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে এবং তা একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা ও মানবিক সহায়তার জন্য মার্কিন সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও সুসংহত ও গভীর করতে তার সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।