![]()
এবারের বিশ্বকাপে রূপকথার মতো যাত্রার মধ্যেই বড় ধরনের বিতর্কে জড়িয়েছে কেপ-ভার্দে। দলটির অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগটি বর্তমানে নিউজিল্যান্ড পুলিশ তদন্ত করছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফাও। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি এবং আদালতও তাকে দোষী সাব্যস্ত করেননি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ চলাকালে অভিযোগের ঘটনাটি ঘটে। সে সময় কেপ-ভার্দে চিলি ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল এবং দুই ম্যাচেই অধিনায়ক ছিলেন ৩৬ বছর বয়সী রায়ান মেন্ডেস।
অভিযোগ অনুযায়ী, কেপ-ভার্দে দলের জন্য অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করা এক ব্রাজিলীয় নারী দাবি করেছেন, অকল্যান্ডে দলের হোটেলে একটি সামাজিক অনুষ্ঠান শেষে তিনি নিজের কক্ষে ফেরার পর মেন্ডেস সেখানে প্রবেশ করেন। তার আইনজীবীদের ভাষ্য, মেন্ডেস প্রথমে তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। বাধা দিলে তার ওপর হামলা চালানো হয় এবং পরে ধর্ষণ করা হয়।
আইনজীবীরা আরও জানিয়েছেন, ঘটনার পর ওই নারী নিজের শরীরের আঘাতের ছবি সংরক্ষণ করেন। ব্রাজিলে ফিরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ১ এপ্রিল চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান। তাদের দাবি, নিউজিল্যান্ড ফুটবল, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কেপ-ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে অভিযোগকারী মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলেও তারা জানিয়েছেন।
নিউজিল্যান্ড পুলিশ তদন্ত চলার বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলে যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগ তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তবে তদন্ত চলমান থাকায় সংস্থাটি অতিরিক্ত কোনো মন্তব্য করেনি।
এদিকে কেপ-ভার্দে ফুটবল ফেডারেশন, মেন্ডেসের ম্যানেজার এবং তার এজেন্টের কাছে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেননি। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও কোচ পেদ্রো লেইতাও ব্রিতো অভিযোগসংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি। একপর্যায়ে ফিফার একজন কর্মকর্তা সাংবাদিকদের কেবল ম্যাচসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান।
অভিযোগ প্রকাশ্যে আসার পরও রায়ান মেন্ডেসকে দলের অনুশীলনে দেখা গেছে। দ্য অ্যাথলেটিক-এর দাবি, দলের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত তার প্রস্তুতি বা দলে অবস্থানে কোনো পরিবর্তন আনা হয়নি।
কেপ-ভার্দের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার রায়ান মেন্ডেস জাতীয় দলের হয়ে ১০০টি ম্যাচ খেলে দেশের সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড গড়েছেন। একই সঙ্গে তিনিই জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে তিনি তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলছেন।
উল্লেখ্য, রায়ান মেন্ডেসের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি এবং আদালতও তাকে দোষী সাব্যস্ত করেননি। ফলে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত এখনো আসেনি।
পাঠকের মন্তব্য