![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে জয় পেলেও লিওনেল মেসির দল এখন দুই নম্বরে নেমে এসেছে। অন্যদিকে শেষ ৩২-এ দাপুটে জয়ের সুবাদে শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। তবে এসব জয়ের পরও তাদের রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন হয়নি। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে যেমন ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, এখনও সেটিই রয়েছে।
আর্জেন্টিনার অবস্থান নিচে নামার মূল কারণ ফ্রান্সের পয়েন্ট বৃদ্ধি। শেষ ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফরাসিদের রেটিংয়ে ৯.৪০ পয়েন্ট যোগ হয়েছে। ফলে ১৯১৬.১৫৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ফিফার লাইভ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের দল।
এদিকে আগে দুই নম্বরে থাকা স্পেনও এক ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে অবস্থান করছে। তাদের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮-তেই অপরিবর্তিত রয়েছে।
ডি আর কঙ্গোর বিপক্ষে নাটকীয় জয় পেলেও ইংল্যান্ডের অবস্থানে পরিবর্তন হয়নি। অতিরিক্ত সাড়ে ১০ পয়েন্ট অর্জন করেও তারা চতুর্থ স্থানেই রয়েছে। এছাড়া ব্রাজিল পঞ্চম, মরক্কো ষষ্ঠ, নেদারল্যান্ডস সপ্তম এবং পর্তুগাল অষ্টম স্থানে রয়েছে। চার ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো।
র্যাঙ্কিংয়ে এই পরিবর্তনের মধ্যেই আগামী শনিবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়া কেপ ভার্দে ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এবং সৌদি আরবের বিপক্ষেও হার এড়িয়েছে।
ম্যাচকে ঘিরে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তিনি দাবি করেছেন, তার দল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে আরও একটি বড় অঘটন ঘটাতে পারে। তার ভাষায়, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হারানোর কিছু নেই, বরং নিজেদের সর্বোচ্চটা দিয়ে নতুন ইতিহাস গড়াই তাদের লক্ষ্য।
পাঠকের মন্তব্য