![]()
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোই এখন তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সেই ম্যাচে জোড়া গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেছেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোল দাঁড়িয়েছে ১৮টি।
এর ফলে বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে অবস্থান করছেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের এমবাপ্পে বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া—১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং ট্রফি নিয়ে ফেরা। আমরা জেতার জন্যই খেলছি এবং প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। অবশ্যই আপনি যত বেশি গোল করবেন, র্যাংকিংয়ে তত ওপরে উঠবেন—এখানে নতুন করে বলার কিছু নেই।’
রেকর্ড নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই বিষয়টি নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ পরবর্তী প্রতিপক্ষ এবং আমাদের মূল লক্ষ্য—ফাইনালের কতটা কাছে যেতে পারছি, সেটার ওপর।’
আগামী শুক্রবার (৩ জুলাই) রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কানাডা অথবা মরক্কো।
প্যারাগুয়ে আগের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। রক্ষণাত্মক কৌশলে সফল হওয়ায় ফ্রান্সের বিপক্ষেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে দক্ষিণ আমেরিকার দলটি।
তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না এমবাপ্পে। তিনি বলেন, ‘প্যারাগুয়ে ম্যাচের আগে আমাদের ঘাটতিগুলো নিয়ে আরও কাজ করতে হবে। খেলার কিছু জায়গায় এখনও স্পষ্টতার অভাব রয়েছে এবং উন্নতির সুযোগ আছে।’
দল নিয়ে আশাবাদ প্রকাশ করে ফরাসি অধিনায়ক আরও বলেন, ‘সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ইতিবাচক। আমাদের গোল করার সামর্থ্য রয়েছে, তাই ম্যাচের যেকোনো মুহূর্তে আমরা লিড নেওয়ার সক্ষমতা রাখি।’
এখন দেখার বিষয়, প্যারাগুয়ের বিপক্ষে এমবাপ্পে মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড স্পর্শ করতে পারেন কি না, নাকি তার অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হয়।
পাঠকের মন্তব্য