![]()
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স এখন পর্যন্ত নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠার পর রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
তবে উত্তর আমেরিকার মাটিতে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের পথ মোটেও সহজ নয়। ট্রফি জিততে হলে নকআউট পর্বে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে টপকাতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
শেষ ষোলোতে প্যারাগুয়ে
রাউন্ড অব ৩২-এ সুইডেনকে বিদায় করার পর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা জার্মানিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৫.৫৪ শতাংশ। অন্যদিকে প্যারাগুয়ের সম্ভাবনা মাত্র ১৪.৪৬ শতাংশ।
কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ মরক্কো
শেষ আটে ফ্রান্সের সামনে অপেক্ষা করতে পারে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কানাডাকে হারাতে পারলে আফ্রিকার দলটি কোয়ার্টার ফাইনালে উঠবে।
গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়া মরক্কোকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছে। তবুও সুপার কম্পিউটারের হিসাব বলছে, এই লড়াইয়েও ফেভারিট থাকবে ফ্রান্স।
সেমিফাইনালে স্পেন বা পর্তুগাল
সেমিফাইনালে পৌঁছাতে পারলে ফ্রান্সের জন্য অপেক্ষা করতে পারে টুর্নামেন্টের অন্যতম কঠিন পরীক্ষা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। তবে স্পেন বিদায় নিলে সুযোগ তৈরি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।
প্রতিপক্ষ যেই হোক না কেন, অপ্টার পূর্বাভাস অনুযায়ী ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে ফ্রান্স।
ফাইনালে আর্জেন্টিনা নাকি ব্রাজিল?
সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারলে ফরাসিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
আর্জেন্টিনা ফাইনালে উঠলে কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি হবে, যা প্রতিশোধের মঞ্চ হিসেবেও বিবেচিত হতে পারে। অন্যদিকে সেমিফাইনালে যদি ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠে, তাহলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স।
বর্তমান ফর্ম, পরিসংখ্যান এবং অপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাস—সবকিছুই ফ্রান্সকে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখাচ্ছে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন।
পাঠকের মন্তব্য