‘জুলাই আমার সম্পত্তি’—রহস্যময় ফেসবুক পোস্টে আলোচনায় উমামা ফাতেমা
ই-বাংলাদেশ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি জুলাই মাসকে ঘিরে ব্যঙ্গাত্মক ও রহস্যময় মন্তব্য করেন।
পোস্টে উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?”
এরপর তিনি ব্যঙ্গের সুরে আরও লেখেন, “১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, যেমন—‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”
পোস্টের শেষ অংশে তিনি প্রশ্ন রেখে লেখেন, “কেমন লাগল আইডিয়াটা?”
তবে এই পোস্টে তিনি কেন এমন মন্তব্য করেছেন বা কাকে উদ্দেশ্য করে লিখেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ফলে পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা সামনে আসছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত উমামা ফাতেমা বিভিন্ন সময় সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে থাকেন। তবে সর্বশেষ এই পোস্টের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।