![]()
ই-বাংলাদেশ ডেস্ক
আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচি সফল করতে দলটির সব জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী শাসনামলে সংঘটিত সব গুম, খুন এবং গণহত্যার ঘটনার বিচার নিশ্চিত করতে দলটি দেশব্যাপী গণআন্দোলন জোরদার করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় দেশের সব জেলা শহর ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনসিপি মনে করে, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন ও গণহত্যার ঘটনার সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করা হলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
দলটির নেতারা জানিয়েছেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য