![]()
রাজধানী ও আশপাশের এলাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, পরিচালন ব্যবস্থা এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটি করিডরের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সার্বিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করেন। দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন গণপরিবহন সেবা নিশ্চিত করতে প্রকল্পের বিভিন্ন কারিগরি ও ব্যবস্থাপনাগত বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য