![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ২৫ বছরে কক্সবাজার অঞ্চলের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অচিরেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে আরও আধুনিক, প্রশস্ত ও সক্ষম অবকাঠামোয় রূপান্তর করা প্রয়োজন।
তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যানবাহনের ক্রমবর্ধমান চাপ বিবেচনায় মহাসড়কটি অন্তত ৬ লেনে উন্নীত হওয়া উচিত। এ লক্ষ্যে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক লবণচাষি উৎপাদিত পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার মূল্য নির্ধারণের একটি কার্যকর ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে, যাতে উৎপাদকরা তাদের পণ্যের ন্যায্য দাম পান।
প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দুই দিন আগে উপস্থাপিত বাজেট সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে। দেশের উন্নয়ন ও জনকল্যাণে যারা কাজ করেন, তারা ইতোমধ্যে বাজেটকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে থাকে। তবে কিছু রাজনৈতিক মহল এই বাজেটের বিরোধিতা করছে বলে উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থে প্রণীত বাজেটের সমালোচনাকারীরা প্রকৃত অর্থে জনগণের রাজনীতি করে না।
জনসভায় তিনি দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি ও শিল্পখাতের বিকাশ এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তাঁর মতে, কক্সবাজার ও চট্টগ্রামকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মন্তব্য