![]()
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।”
তিনি অভিযোগ করেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্তের সমালোচনা হলেও সরকার অবস্থান পরিবর্তন করবে না।
মন্ত্রী বলেন, “কয়েকটা টাকা নিয়ে তারা মানুষকে বোকা বানায়। ছয়টা বাচ্চাকে মেরে ফেলেছে। কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছিই। এই একটি শাস্তির মাধ্যমে সারা বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলো সতর্ক হয়ে যাবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সরকারি সেবা পেতে ঘুষের প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনের সব পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার একটি পাইলট প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। এ ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের প্রাথমিক সেবা দেবেন এবং প্রয়োজন হলে হাসপাতালে পাঠাবেন।
এ ছাড়া চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
পাঠকের মন্তব্য