![]()
\ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন উত্তর আমেরিকার অন্যতম আয়োজক দেশ কানাডাও বিশ্বকাপ উৎসবকে স্মরণীয় করে রাখতে আয়োজন করেছে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এবার টরন্টোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কানাডা-পর্বের জমকালো উদ্বোধন, যেখানে বলিউড তারকা নোরা ফাতেহি এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়ের পরিবেশনা ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ।
শুক্রবার (১২ জুন) কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ শুরুর আগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শক সঙ্গীত, সংস্কৃতি ও ক্রীড়ার এক অনন্য সমন্বয় উপভোগ করেন। বিশ্বকাপ ফুটবলের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজকরা তুলে ধরেন কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্যের নানা দিক।
অনুষ্ঠানের শুরুতেই কানাডার আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও অবদানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়। ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশটির প্রথম অধিবাসীদের ঐতিহ্য তুলে ধরা হয়। দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
এরপর মঞ্চে আসেন জনপ্রিয় কানাডীয় শিল্পী উইলিয়াম প্রিন্স। তার হৃদয়স্পর্শী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং উদ্বোধনী অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউড তারকা নোরা ফাতেহি। তার প্রাণবন্ত নৃত্য এবং মঞ্চ মাতানো পারফরম্যান্স দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়।
বিশেষভাবে আলোচনায় আসেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আন্তর্জাতিক এই মঞ্চে তার অংশগ্রহণ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, দেশের সংগীতপ্রেমীদের জন্যও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নোরা ফাতেহি, ভেভেড্রিম এবং সঞ্জয়ের যৌথ পরিবেশনা স্টেডিয়ামজুড়ে উৎসবের আবহ তৈরি করে।
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কানাডার এই আয়োজন প্রমাণ করেছে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি বিশ্ব সংস্কৃতির এক মহামিলনমেলা। সঙ্গীত, বিনোদন, ঐতিহ্য এবং ক্রীড়ার সমন্বয়ে কানাডা বিশ্বকে এক নতুন অভিজ্ঞতা উপহার দিয়েছে। বিশ্বকাপের এই জাঁকজমকপূর্ণ সূচনা আগামী দিনগুলোতে ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।