![]()
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী Khalilur Rahman-কে অভিনন্দন জানিয়েছেন Mohamed Muizzu। তিনি এ অর্জনকে বাংলাদেশ এবং সমগ্র অঞ্চলের জন্য একটি গৌরবময় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনের পর দেওয়া এক অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনার সার্বিক সাফল্য কামনা করছি।”
ড. খলিলুর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, তার দক্ষ দিকনির্দেশনায় জাতিসংঘ সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।
তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে আপনার নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য সংলাপ, সহযোগিতা এবং বহুপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা পালন করবে।”
মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, এই নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন। তার ভাষায়, “এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং সমগ্র অঞ্চলের জন্য গর্বের বিষয়।”
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট লাভ করেন, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট।
এই বিজয়কে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান ভূমিকা, বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং বৈশ্বিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবেও এটিকে মূল্যায়ন করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরামগুলোর একটির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
পাঠকের মন্তব্য