![]()
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের আসর। দল সংখ্যা বৃদ্ধির ফলে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই মহাযজ্ঞ।
এবারের বিশ্বকাপ একাধিক কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। মেক্সিকো তৃতীয়বার, যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার এবং কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে। তিন আয়োজক দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় মেক্সিকান শিল্পীরা। পরদিন কানাডার টরন্টোতে এবং এরপর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও জমকালো উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের খ্যাতিমান সংগীতশিল্পীরা পারফর্ম করবেন।
এবারের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অন্যদিকে আর্জেন্টিনা নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামবে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। ফ্রান্সও কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে থাকবেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। ফুটবলের এই তিন মহাতারকার জন্য এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ। কাতারে শিরোপা জয়ের মাধ্যমে মেসি নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন। অন্যদিকে রোনালদো এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি। ৪১ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগিজ তারকা এবার সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবেন। নেইমারের ক্ষেত্রেও বিশ্বকাপ বিশেষ তাৎপর্য বহন করছে। চোটের কারণে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন।
কানাডার দুটি, মেক্সিকোর তিনটি এবং যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রে। এক মাসের বেশি সময় ধরে চলা এই আসর বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীকে মাতিয়ে রাখবে। বাংলাদেশের অলিগলি থেকেও উড়বে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা। মেসি, রোনালদো ও নেইমারের মতো তারকাদের উপস্থিতিতে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরগুলোর একটি।
পাঠকের মন্তব্য