![]()
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবল ব্যক্তিগত অভিমত বা ধারণায় সীমাবদ্ধ থাকে। সঠিক ও বস্তুনিষ্ঠ উপাত্ত ছাড়া জনসংযোগ বা প্রচার কৌশল কার্যকর হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ সকালে তথ্য অধিদপ্তর-এর সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সময় হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। মাঠপর্যায়ে সরকারের কাজ বা জনগণের কাছে বার্তা কতটা পৌঁছাচ্ছে, তা শুধু ধারণা বা মৌখিক বক্তব্যের মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব নয়। তথ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে নির্ভরযোগ্য উপাত্ত থাকতে হবে।
জনসংযোগ ব্যবস্থার আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের প্রতিক্রিয়া—লাইক, ডিসলাইক ও মন্তব্য বিশ্লেষণের মাধ্যমে জনমতের স্পষ্ট চিত্র পাওয়া যায়। এই বৈজ্ঞানিক উপাত্ত ব্যবহার করেই নেতিবাচক প্রচারণা মোকাবিলা ও কার্যকর পারসেপশন ম্যানেজমেন্ট করতে হবে।
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন আরও বলেন, নিজেদের দক্ষ “ডিজিটাল ফোর্স” হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারলে তথ্যের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। এছাড়া সভাপতিত্ব করেন সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন।
পাঠকের মন্তব্য