![]()
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার (২৪ মে) প্রকাশিত সংস্থাটির নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৮২ জন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৬ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।
অন্যদিকে, একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৬২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুমৃত্যুর খবর পাওয়া যায়, যা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
পাঠকের মন্তব্য