![]()
তারেক রহমান আজ শনিবার সকালে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরের প্রথম কর্মসূচি হিসেবে তিনি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন।
পরে দুপুরে ত্রিশাল নজরুল ডাক বাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি তিন দিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি ত্রিশালে প্রথম সরকারি সফর।
পাঠকের মন্তব্য