![]()
সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে নথিভুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪৮৯ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১৫০ জন।
পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন রোগী। তবে একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পাঠকের মন্তব্য