![]()
লিবিয়া থেকে আরও ১৭৪ জন স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অনিয়মিত বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ার-এর একটি ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যাবাসিত ব্যক্তিদের জন্য আইওএমের পক্ষ থেকে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
পাঠকের মন্তব্য