![]()
দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এটি মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হবে।
গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে হামের টিকা কেন যথাসময়ে দেওয়া হয়নি, তা সরকার খতিয়ে দেখবে। তিনি বলেন, “শিশু মৃত্যু ঘটাতে চায়—এমন কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে কেন এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হবে।”
তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।
স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহায়তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা শনাক্তে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
এছাড়া হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য