![]()
সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলার ঘটনায় এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে জানিয়েছে Al Jazeera।
ওই কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘সামরিক দুঃসাহসিকতা’ই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে হামলা চালানোর কোনো পরিকল্পনা ইরানের ছিল না।
ইরানি বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের একটি অংশের মতে, ইরান সাধারণত কোনো সামরিক অভিযান পরিচালনা করলে প্রকাশ্যে তার দায় স্বীকার করে থাকে। কিন্তু এবারের ঘটনায় তেহরান সরাসরি দায় অস্বীকার করে উল্টো ওয়াশিংটনের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, ইরান বর্তমানে একটি হিসাবি ও সতর্ক কৌশল অনুসরণ করছে। একদিকে তারা হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণের বার্তা দিতে চায়, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়িয়ে যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক চুক্তি ভঙ্গের দায় নিতে চায় না।
বিশ্লেষকদের মতে, তেহরানের এই অবস্থান মূলত দ্বৈত বার্তা বহন করছে—একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক দায় এড়িয়ে চলার চেষ্টা। তবে এখনো আনুষ্ঠানিক সরকারি বিবৃতি না আসায় পুরো পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা ও ধোঁয়াশা রয়ে গেছে।
পাঠকের মন্তব্য