![]()
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে অভিনেতা Vijay–এর দল Tamilaga Vettri Kazhagam (টিভিকে)-এর চমকপ্রদ উত্থান। আর সেই উত্থানের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর শবরীনাথন।
বিরুগামবাক্কাম আসনে টিভিকে প্রার্থী শবরীনাথন বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ক্ষমতাসীন Dravida Munnetra Kazhagam (ডিএমকে)-এর বিদায়ী বিধায়ক এএমভি প্রভাকর রাজাকে ২৭ হাজার ৮৬ ভোটে পরাজিত করেন। রাজনৈতিক অঙ্গনে প্রায় অচেনা এই তরুণ প্রার্থীর এমন জয় তামিল রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শবরীনাথনের বাবা রাজেন্দ্রন দীর্ঘদিন ধরে বিজয়ের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করছেন। সেই সূত্রে ভক্তদের কাছেও পরিবারটি পরিচিত ছিল। তবে রাজনীতিতে শবরীনাথনের উত্থানকে শুধু ব্যক্তিগত পরিচয়ের ফল হিসেবে দেখা হচ্ছে না। বিশ্লেষকদের মতে, এর পেছনে কাজ করেছে রাজ্যজুড়ে তৈরি হওয়া ‘বিজয় হাওয়া’ এবং সাধারণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা।
জয়ের পর শবরীনাথন বলেন, এই ফলাফল ডিএমকের পতনের ইঙ্গিত বহন করছে। তার মন্তব্য তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে, যা রাজ্যের প্রচলিত দ্বিমুখী রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে জোট সমীকরণ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ছোট দলগুলোর সমর্থন পেলে টিভিকেই সরকার গঠনের পথে এগিয়ে যেতে পারে।
নিজেও নির্বাচনে বড় জয় পেয়েছেন বিজয়। পেরমবুর আসনে তিনি ৫৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। এর ফলে অভিনেতা থেকে রাজনীতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হয়েছে। দলের নেতারাও ইতোমধ্যে তাকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে শুরু করেছেন।
এ নির্বাচনের আরেকটি বড় চমক ছিল বিদায়ী মুখ্যমন্ত্রী M. K. Stalin–এর পরাজয়। নিজের শক্ত ঘাঁটি কোলাথুর আসনে টিভিকে প্রার্থী ভিএস বাবুর কাছে প্রায় ৯ হাজার ভোটে হেরে যান তিনি। এতে ডিএমকে বড় ধাক্কা খেয়েছে।
দীর্ঘ কয়েক দশক ধরে তামিলনাড়ুর রাজনীতি মূলত ডিএমকে ও All India Anna Dravida Munnetra Kazhagam (এআইএডিএমকে)-কে ঘিরেই আবর্তিত হয়েছে। সেই একচেটিয়া আধিপত্যে এবার বড় ধরনের চিড় ধরেছে।
বিজয়ের উত্থান অনেকের কাছে অতীতের জনপ্রিয় অভিনেতা-রাজনীতিকদের কথা মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে M. G. Ramachandran, J. Jayalalithaa এবং N. T. Rama Rao–এর মতো নেতাদের উত্তরাধিকারী হিসেবেও তাকে দেখা হচ্ছে।
শবরীনাথনের মতো নতুন মুখের জয় এটিই প্রমাণ করছে যে, টিভিকের সাফল্য কেবল তারকা জনপ্রিয়তার ফল নয়; বরং তামিলনাড়ুর ভোটারদের রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তনেরও ইঙ্গিত বহন করছে।
পাঠকের মন্তব্য