![]()
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ ঘাটতি না থাকায় গত ২৮ ও ২৯ এপ্রিল টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই দুই দিন সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রয়োজন পড়েনি।
এর আগে ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, খুব শিগগিরই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে। বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক এই তথ্য তার সেই আশ্বাসের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।
তবে এর কিছুদিন আগেই বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকটের কথা জানানো হয়েছিল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটায় বিদ্যুৎ উৎপাদনে চাপ তৈরি হয়। ফলে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। এমনকি রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার কথাও জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সব মিলিয়ে, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ইঙ্গিত মিললেও জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীলতা থাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য