![]()
হজযাত্রার অষ্টম দিন পর্যন্ত ৮৪টির বেশি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জনের বেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকতা শেষ করে প্রতিদিনই পর্যায়ক্রমে যাত্রীরা ফ্লাইট ধরছেন।
ক্যাম্পে থাকা যাত্রীরা জানিয়েছেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক প্রক্রিয়া মোটামুটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলেও কিছু ক্ষেত্রে ভোগান্তি রয়েছে। বিশেষ করে আশকোনা হজ ক্যাম্পের আশপাশে মশার উপদ্রব এবং লাগেজ ব্যবস্থাপনায় জটিলতার কারণে কিছুটা অসুবিধার মুখে পড়ছেন তারা।
সপ্তাহের শুরুতে আজ (শনিবার) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ধর্ম মন্ত্রণালয়ের তদারকিতে পাঁচটি ফ্লাইটে ২ হাজারের বেশি হজযাত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। যাত্রীরা জানিয়েছেন, তারা হজে গিয়ে দেশ, পরিবার এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করবেন।
হজ অফিসের কর্মকর্তারা বলছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, সরকার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে তারা কাজ করে যাচ্ছেন।
এদিকে এ বছরের হজ ব্যবস্থাপনায় টিকিটের খরচ কিছুটা কমানো হয়েছে বলে জানানো হয়েছে, যা যাত্রীদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।