![]()
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের পর এক বৃদ্ধা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে তাদের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠকের মন্তব্য