![]()
সারাদেশে ২০২৫ সালে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ধারাবাহিকভাবে ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে ১৭ এপ্রিল গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের মাধ্যমে শেষ হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে এবং ছাত্র-ছাত্রী সমান হারে নির্বাচিত হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না এবং মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ। উত্তরপত্রে নির্ধারিত তথ্য ছাড়া অন্য কিছু লেখা যাবে না এবং ইনভিজিলেটরের স্বাক্ষর না থাকলে উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করা যাবে না এবং সব নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন করতে হবে।
পাঠকের মন্তব্য