![]()
বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষকদের দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নববর্ষ উপলক্ষে সাংবাদিক সমাজ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার নতুন উদ্দীপনায় দেশ গড়ার কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, মোগল আমলে কৃষি উৎপাদন ও খাজনা ব্যবস্থার সমন্বয়ের প্রয়োজন থেকেই বাংলা সনের প্রবর্তন হয় এবং সেই ঐতিহ্যকে ধারণ করেই এবার পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন এবং অর্থনীতি পুনর্গঠন করে দেশকে স্বাবলম্বী করাই সরকারের প্রধান লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন দেশের গণতান্ত্রিক পরিবেশের ইতিবাচক প্রতিফলন এবং এই ধারাবাহিকতা ধরে রেখে দেশের সমৃদ্ধি নিশ্চিত করা হবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। শেষে তথ্যমন্ত্রী ডিআরইউ আয়োজিত ঐতিহ্যবাহী পুতুল নাচ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং আনন্দ র্যালি শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পাঠকের মন্তব্য