![]()
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ২ কোটি ২৭ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রায় ২২ হাজার কৃষকের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার, যারা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, নির্বাচনের আগে কৃষকদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মধ্যে কৃষক কার্ড চালু অন্যতম। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই ঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের পর প্রথম সপ্তাহের মধ্যেই সেই ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে যদিও মাত্র ২২ হাজার কৃষক এই কার্ড পেয়েছেন, তবে কৃষি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রায় ২ কোটি ২৭ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
সরকারের এই উদ্যোগ কৃষি খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য