![]()
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামীকাল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। একই সফরে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী–এর মাজার জিয়ারত এবং পরে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের সরাসরি সহায়তা প্রদান এবং কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। প্রথম ধাপে ১০টি জেলার ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে, যেখানে প্রায় ৩০ লাখ কৃষককে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
‘কৃষক কার্ড’ মূলত একটি ব্যাংকিং ডেবিট কার্ড, যার মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে সার-বীজসহ কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্যসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তাও দেওয়া হবে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, তিন ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে—প্রাক-পাইলট, পাইলট এবং দেশব্যাপী বিস্তার। প্রাথমিক পর্যায়ে প্রায় ২২ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের জন্য ব্যাংক হিসাবও খোলা হয়েছে।
সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা উদ্যোগের ধারাবাহিকতায় ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্রীড়া কার্ড’ চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড কার্যকরভাবে বাস্তবায়িত হলে এটি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মন্তব্য