![]()
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে সিএমএইচ-এ নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আইন অঙ্গনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মন্তব্য