![]()
ঢাকা-১৩ আসনে জনসেবা নিশ্চিত ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে প্রতি মাসে ‘টাউনহল সভা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক উন্মুক্ত টাউনহল সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার জন্য জনগণের সঙ্গে সরাসরি সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই নিয়মিতভাবে এই উন্মুক্ত সভা চালু রাখা হবে।
তিনি আরও জানান, তারেক রহমান-এর নেতৃত্বে দেশে ‘সত্যিকারের গণতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সভা শুরু হলেও রমজান মাসে সাময়িক বিরতি ছিল। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে টাউনহল সভা অনুষ্ঠিত হবে।
সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে চুরি-ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাস সংকট এবং রাস্তা-ফুটপাত দখলের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য উপস্থিত বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানার সঞ্চালনায় আয়োজিত এ সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পুলিশ, তিতাস গ্যাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও ডিপিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং সেবা প্রদানকারী সংস্থার মধ্যে উন্মুক্ত আলোচনা নিশ্চিত করাই টাউনহল সভার মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মন্তব্য