![]()
কারিগরি শিক্ষার বিকল্প নেই, দেশের উন্নয়নে এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা-২০২৬-এর আঞ্চলিক প্রতিযোগিতা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এ খাতকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে তার নিজস্ব গবেষণাও রয়েছে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া অপরিহার্য।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলো কারিগরি শিক্ষার মাধ্যমে এগিয়েছে এবং বাংলাদেশকেও সেই পথ অনুসরণ করতে হবে। কারিগরি শিক্ষা দক্ষ জনশক্তি গড়ে তোলে, যা হাতে-কলমে শেখার মাধ্যমে অর্জন করা সম্ভব এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারিগরি শিক্ষা স্বল্প সময়ে দক্ষতা অর্জনের সুযোগ দেয়, যা আয় বৃদ্ধি, পরিবারকে স্বচ্ছল করা এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়তা করে। একই সঙ্গে শিল্প ও শিক্ষার মধ্যে সমন্বয় বাড়ানো এবং সময়োপযোগী পাঠ্যক্রম নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, সবাইকে উচ্চশিক্ষায় যেতে হবে এমন নয়; কারিগরি শিক্ষায় ধাপে ধাপে এগোনোর সুযোগ রয়েছে। যারা উচ্চশিক্ষায় যেতে চায়, তাদের জন্য সেই সুযোগও উন্মুক্ত রয়েছে।
শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, তাদের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং সীমিত পরিসরে আবাসন সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে পরিবার ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে, কারণ উন্নত দেশগুলোতে জনশক্তির ঘাটতি রয়েছে—যা বাংলাদেশের জন্য একটি সুযোগ।
আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দক্ষ জনশক্তির অভাব দূর করতেই এ খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
প্রশিক্ষণের নামে অতীতে অর্থ অপচয়ের সমালোচনা করে তিনি বলেন, প্রতিটি প্রশিক্ষণের কার্যকর ফলাফল থাকতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণিকক্ষে নজরদারি ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য