![]()
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে, ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০% এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯% বৃদ্ধি পেয়েছিল।
বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট এ-১ জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ২৭৭.০৮ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটে (দেশি-বিদেশি) এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ১.৪৮৩৬ মার্কিন ডলার।
কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ‘প্ল্যাটস রেট’, মার্কিন ডলারের বিনিময় হার, পরিবহন খরচ ও এলসি সেটেলমেন্টের বিষয়গুলো বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমিশনের আইন অনুযায়ী জনশুনানি ও কমিটির সুপারিশের ভিত্তিতেও সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ শিগগিরই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্লেষকরা বলছেন, দফায় দফায় জেট ফুয়েলের দাম বৃদ্ধি অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয়ে বড় চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ উভয় রুটে জ্বালানি ব্যয় প্রায় মোট খরচের বড় অংশ।
পাঠকের মন্তব্য