![]()
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের প্রশাসকদের জানানো হয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রাহকরা যদি চিকিৎসার প্রয়োজন দেখাতে সক্ষম হন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেন, তবে নিজ নিজ ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
তিনি আরও জানান, গ্রাহকের অসুস্থতার তথ্য যাচাই-বাছাই করা হবে। কেউ টাকা তুলতে না পারলে তারা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করতে পারবেন। ধাপে ধাপে অর্থ সরবরাহ করা হবে, যাতে প্রথমে ২ লাখ টাকা করে প্রদান করা হচ্ছে।
শাহরিয়ার সিদ্দিক বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নতুন এবং চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে। এমডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, নিজেদের জমাকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশ গ্রাহক। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে লেনদেন স্বাভাবিক না থাকায় তারা চিকিৎসার খরচ, মেয়ের বিয়ে বা সারাজীবনের সঞ্চয় ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না।
তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে দ্রুত লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালের একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছেন।
পাঠকের মন্তব্য