![]()
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আইডি এস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
রোববার (৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় কারখানার মূল ফটকের সামনে সাধারণ শ্রমিকরা একত্রিত হয়ে মানববন্ধন শুরু করেন। পরে প্রায় দুই হাজার শ্রমিকের অংশগ্রহণে একটি মিছিল জামগড়া চৌরাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে।
এসময় শ্রমিকরা জানান, ঈদের ছুটির পর থেকে কারখানা বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, দ্রুত কারখানা খুলে দিয়ে কাজের সুযোগ এবং নির্ধারিত সময়ে বেতন নিশ্চিত করতে হবে।
শ্রমিকরা বলেন, “আমরা কাজ করতে চাই, বসে থাকতে চাই না। কারখানা বন্ধ থাকলে আমরা কোথায় যাবো? সরকার ও BGMEA-এর কাছে আমাদের আবেদন—দ্রুত কারখানা খুলে দেওয়া হোক।”
সূত্র জানায়, অতীতে কারখানাটিতে শ্রমিকদের বেতন-ভাতা বা বোনাস নিয়ে কোনো অসন্তোষ ছিল না এবং শ্রম আইন মেনেই কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে জানতে কারখানা কর্তপক্ষের সাথে যোগাযোগ করলে প্রডাকশন ম্যানেজার মো: মানিক কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে জানান,উপস্থিত শ্রমিকদের সামনে জানান তোমরা কাজ করতে চাও কারখানা বন্ধ হলে আমাদের সবার ক্ষতি,কারখানা খুলে দেওয়ার দাবী কর্তৃপক্ষের নজরে এসেছে আজকের ভিতর কর্তৃপক্ষ শ্রমিকদের স্বার্থে ডিসিশন জানাবে।।
মানববন্ধন চলাকালে শিল্প এলাকার নিরাপত্তা রক্ষায় Industrial Police সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে।
শ্রমিকরা বলেন, শিল্প-কারখানা সচল থাকলেই শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই ভালো থাকবে।