![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হয়েছেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আবদুল আজিজ।
গত ২৫ নভেম্বর কোম্পানির ২৯৬তম পরিচালনা পর্ষদের সভায় তাঁদের নির্বাচন করা হয়। রাজধানীতে বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ মোহাম্মদ জাকির হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট। তিনি সুপ্রিম ল চেম্বার্সের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও অর্থায়ন খাতে তাঁর দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। করপোরেট ও বাণিজ্যিক আইনেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। পাশাপাশি প্রকল্প অর্থায়ন ও বৈদেশিক বাণিজ্য অর্থায়নে দক্ষতা রয়েছে তাঁর।
কর্মজীবনে বিভিন্ন আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ছিলেন জাকির হোসেন। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ফাইন্যান্স এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইন উপদেষ্টাও ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবেও কাজ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান।
অন্যদিকে, নতুন ভাইস চেয়ারম্যান আবদুল আজিজের ব্যাংকিং খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৬ সালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এরপর শাহজালাল ইসলামী ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ওই ব্যাংকে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবেও কাজ করেছেন আবদুল আজিজ।
২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ব্যাংকটির চিফ বিজনেস অফিসারের দায়িত্বও সামলাচ্ছেন। এ পদে থেকে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম তদারকি করছেন তিনি। পাশাপাশি বিনিয়োগ ও কৌশলগত উদ্যোগ বাস্তবায়নের বিষয়গুলোও দেখভাল করছেন।
বাংলাদেশ ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার একটি সময়ে নেতৃত্বে এ পরিবর্তন এসেছে। নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন নেতৃত্বে করপোরেট সুশাসন আরও জোরদার হবে। একই সঙ্গে পরিচালন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও তাঁদের ভূমিকা থাকবে। অংশীজনদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনেও গুরুত্ব দেওয়া হবে। টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে নতুন নেতৃত্ব সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ ফাইন্যান্স।