![]()
দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব তফসিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫ এপ্রিল থেকে এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। এতে ব্যাংকের লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।
পাঠকের মন্তব্য