![]()
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং পেশাভিত্তিক কাঠামো গড়ে তোলা জরুরি। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা পান বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, খেলাধুলা আত্মিক প্রশান্তি দেয় এবং তরুণদের জন্য ইতিবাচক পথ তৈরি করে। তিনি জানান, নতুন পরিকল্পনার মাধ্যমে গ্রামাঞ্চলসহ সর্বস্তরে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে খেলোয়াড়রা ভবিষ্যতে এটিকে পেশা হিসেবে নিতে পারে।
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রভাবের কারণে মেধাবী খেলোয়াড়রা যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খেলোয়াড়দের মূল্যায়ন অবশ্যই মেধা ও দক্ষতার ভিত্তিতে হওয়া উচিত, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক বিবেচনার কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড় বঞ্চিত হয়েছেন।
পাঠকের মন্তব্য