![]()
ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবারের সঙ্গে উৎসবের উচ্ছ্বাস। তবে সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে এই আনন্দ অনেক সময় অধরাই থেকে যায়। সেই শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে নোয়াখালীতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন “স্বপ্ন – এক চিলতে হাসির জন্যে”। সংগঠনটির উদ্যোগে এবার সুবিধাবঞ্চিত ৩৫০ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী–৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি নিজ হাতে শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদ উপহার তুলে দেন।
এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের মানবিক দায়িত্বও। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। তিনি এই ধরনের কার্যক্রমে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিনিধি সৈকত মজুমদার এবং সঞ্চালনা করেন তাসনিম বিনতে রহমান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ মোহাম্মদ কামরুল হাসান, উপদেষ্টা লায়লা পারভীন, উপদেষ্টা জামাল হোসেন বিষাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তারেকসহ সংগঠনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর ও আনন্দঘন। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের জীবনে সামান্য আনন্দ যোগ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে “স্বপ্ন – এক চিলতে হাসির জন্যে” সংগঠনটি নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে “প্রজেক্ট ১০ টাকায় শিক্ষা”, “প্রজেক্ট ১০ টাকায় সেবা”, এবং শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির “প্রজেক্ট সেফ টাচ্ রঙ টাচ্”।
সংগঠনের সদস্যরা জানান, তাদের লক্ষ্য শুধু ঈদের পোশাক বিতরণ নয়; বরং সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি কাজ করা। ভবিষ্যতেও তারা আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
পাঠকের মন্তব্য