![]()
দেশকে এগিয়ে নেওয়ার স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না; জনগণের জীবনের মূল সমস্যাগুলো সমাধান করতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, যা একমাত্র বিএনপিরই হাতে রয়েছে।”
মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
‘ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির’
তারেক রহমান বলেন,
“দেশে নানা রাজনৈতিক দল আছে, তাদের ট্র্যাক রেকর্ডও আমরা জানি। কিন্তু তাদের কাছে কোনো পরিকল্পনা নেই। জনগণ জানতে চায়—দেশ কীভাবে চলবে, অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা হবে, কর্মসংস্থান তৈরি হবে কীভাবে। আমরা যে পরিকল্পনা করেছি, তা জনগণের পরিধি ছুঁয়ে যায়।”
তিনি জানান, দেশের দুর্নীতিবিরোধী ব্যবস্থা, আইনশৃঙ্খলা, নারী শিক্ষা, তরুণ প্রশিক্ষণ, স্বাস্থ্য খাত, কর্মসংস্থান ও শিল্পায়ন—সব ক্ষেত্রেই বিএনপি একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করেছে, যা মাঠপর্যায়ে নেতা-কর্মীদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ‘স্পষ্ট ট্র্যাক রেকর্ড’
তারেক রহমান বলেন,
“স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির সুস্পষ্ট অবস্থান আছে। তালপট্টি দ্বীপ পুনরুদ্ধার থেকে আন্তর্জাতিক অঙ্গনে পানির ন্যায্য হিস্যা আদায়—এসব উদ্যোগ শুধুই বিএনপি নিয়েছে। ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবে জিয়াউর রহমান ক্ষমতায় না এলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যেত।”
দুর্নীতির লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি
বিএনপির শাসনামলের সাফল্য তুলে ধরে তিনি বলেন,
“জিয়াউর রহমানের সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোতে শুরু করে। ২০০১–০৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে ধীরে বের করে আনেছি। দুর্নীতি দমন কমিশন গঠনের মাধ্যমে আমরা দায়বদ্ধতা নিশ্চিত করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই আইন পাল্টে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করেছে।”
তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে সেই আইন আবার পরিবর্তন করে শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে।
‘ফ্যামিলি কার্ড’—নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে তিনি বলেন,
“দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের ঘরে বন্দি রেখে উন্নয়ন সম্ভব নয়। তাই চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। বিশেষ করে পিছিয়ে থাকা, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীরা অগ্রাধিকার পাবেন। এর মাধ্যমে তারা নিজেকে স্বাবলম্বী মা হিসেবে গড়ে তুলতে পারবেন।”
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’
তিনি বলেন,
“দেশের আইনশৃঙ্খলা যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধী যে-ই হোক, কোন দলের সেটা বিবেচ্য নয়। অতীতেও বিএনপি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও তা-ই করা হবে।”
পাঠকের মন্তব্য