
দেশে ব্যবসার পরিধি অনেক বড় হলেও সেই তুলনায় ভ্যাট দাতার সংখ্যা অত্যন্ত কম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ভ্যাট দেওয়ার পরিধি বা ‘ভ্যাট নেট’ এখনও যথেষ্ট ছোট। এই পরিস্থিতি পরিবর্তনে এনবিআর এই মাসের মধ্যে আরও এক লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চেয়ারম্যান বলেন, “সবচেয়ে বড় সমস্যা হলো ভ্যাট পেমেন্ট যারা করে, বিশেষ করে ব্যবসায়ীগণ—তাদের মাধ্যমে পরিচালিত ভ্যাট নেটটি এখনো খুব ছোট।” তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪৪ হাজার প্রতিষ্ঠান ভ্যাটদাতা হিসেবে নিবন্ধিত, যা ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিধির তুলনায় নগণ্য। অর্থাৎ সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আবদুর রহমান খান বলেন, আগামী এক থেকে দুই বছরে ৩০–৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে তিনি অনলাইনে সহজ নিবন্ধন ও রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা করার ‘স্বপ্ন’ দেখছেন, যেখানে ব্যবসায়ীরা এক ক্লিকে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, ভ্যাট নিবন্ধনের এই ব্যবস্থার উন্নতি রাজস্ব সংগ্রহে শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
এনবিআর জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ১০–১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ পালন করা হবে। এবারের স্লোগান হয়েছে—“সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব।” মাসজুড়ে সারা দেশে এই প্রচারণা চলবে।
পাঠকের মন্তব্য