![]()
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষক দলের দোয়া মাহফিলে তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরাসরি দায়ী শেখ হাসিনা। দেশ–বিদেশের চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত হয়েছেন, বিশ্বনেতারাও দোয়া করছেন—আল্লাহর রহমতে তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন।’
রিজভী আশা প্রকাশ করে বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরবেন, কারণ তিনি কখনো দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি। তার প্রতি মানুষের ভালোবাসাই আজ সর্বত্র প্রকাশ পাচ্ছে।
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি বলেন, সহিংসতা এড়াতে এবং তরুণদের জীবন ঝুঁকি থেকে বাঁচাতে খালেদা জিয়াই সেই দাবি মেনে নিয়েছিলেন। অথচ যারা সহিংসতা সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই পরে ক্ষমতায় গিয়ে সেই ব্যবস্থা বাতিল করেছে—যা ছিল শেখ হাসিনার স্বেচ্ছাচারিতার উদাহরণ।
রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছার রাজত্ব কায়েম করেছিলেন বলেই জনগণের প্রবল আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেবেন না—বিশেষ করে সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম হঠাৎ বাড়িয়ে জনগণের কষ্ট বাড়ানো যাবে না।
পাঠকের মন্তব্য