
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের, তার বোন শেখ রেহানাকে ৭ বছরের এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। টিউলিপ সিদ্দিকের নামে প্রকৃত বরাদ্দ না থাকলেও তাকে মামলার আসামি করা হয়েছে।
দুদক অভিযোগপত্রে উল্লেখ করেছে, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য থাকাকালীন তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব বিস্তার করে নিজের মা, বোন ও ভাইসহ পরিবারের জন্য পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ব্যবস্থা করান। চার্জশিটে বলা হয়, শেখ রেহানাও শেখ হাসিনার কাছে প্লট বরাদ্দের আবদার করেছিলেন।
এর আগে তিনটি পৃথক মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও কর্মকর্তারা। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও খুরশীদ আলম ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
দুদক গত জানুয়ারি মাসে পৃথক ছয়টি মামলা করেছে, যার মধ্যে চারটির চার্জ গঠন ও তিনটির রায় ইতিমধ্যে হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন।
পাঠকের মন্তব্য